বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে নেপালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৮৭১ স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।

অভ্যর্থনা পর্ব শেষে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত মোটর শোভাযাত্রাসহকারে হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় নিয়ে যাওয়া হবে। নেপাল সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।

সফরে চতুর্থ বিমসটেক সম্মেলনে যোগদানের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সন্ধ্যা ৬টায়।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। আর সাড়ে ১০টার দিকে ভুটানের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে।

 

জেড