গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় আহত মো. মতিয়ার রহমান (৫৪) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদাহ এলাকায় বুধবার রাত ১০টার দিকে আহত হন তিনি।

নিহত মতিয়ার রহমান গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বিশুলিয়া গ্রামের আমেস উদ্দিনের ছেলে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরেফিন হক জানান, মতিয়ার রহমানের শারীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফি মাহামুদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, মতিয়ার রহমান স্থানীয় বাগদা বাজার থেকে বাইসাইকেলে করে নিজ বাড়ি বিশুলিয়া গ্রামে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোভ্যান তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এমই