রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা।বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে তিনি দেওয়ানটুলী সরকারি বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন।ভোট প্রদান শেষে বাবলা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক আছে। দিনভর এভাবে সুষ্ঠু নির্বাচনে হলে ফল যাই হোক না কেন তিনি মেনে নিবেন।
এ সময় ধানের শীষ প্রতীকের এই প্রার্থী অভিযোগ করেন, তার নির্বাচনী এজেন্ট শহীদুল ইসলাম মিজু একটি কেন্দ্রে ভোট দিতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি।
দেওয়ানটুলী সরকারি বিদ্যালয় কেন্দ্র বাবলার বাড়ির পাশে। এটি ২৯নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। সকাল আটটা থেকে এই সিটিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট শুরু হয়েছে, চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।
রসিক নির্বাচনে এবার মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে শীর্ষ তিন দলের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, জাপার মোস্তাফিজার রহমান মোস্তফা এবং বিএনপির কাওসার জামান বাবলা আলোচনার শীর্ষে রয়েছেন।
নির্বাচনে ১৯৩টি কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।





