হরতালে নাশকতার অভিযোগে রংপুর বিভাগে অভিযান চালিয়ে ৯৮ জামায়াত-শিবির নেতাকর্মীসহ ৩০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও ৩৭ জন মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ডাকাত, ফেরারি আসামি ও খুনের মামলার সন্দেহভাজনও রয়েছে।
রংপুর গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে রংপুর বিভাগের ৮ জেলায় অভিযান চালিয়ে ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৯৮ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।
এরমধ্যে রংপুর জেলা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ জনসহ ৫২ জনকে গ্রেফতার করেছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার কাউনিয়া, পীরগাছা, গংগাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিটাপুকুর, পীরগঞ্জ ও রংপুর সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, চোলাইমদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রংপুর কোতোয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি)আব্দুল কাদের জিলানী জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নামে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
কেএইচ





