বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও কেন্দ্রীয় অফিস সেক্রেটারী জনাব আমিনুল ইসলাম আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ........... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর।
জানা গেছে, তিনি গত ২০ জানুয়ারী সকালে হঠাৎ হৃদরোগে ও মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ ২১ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন।
তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আমিনুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মরহুম অধ্যাপক মাহমুদ হোসাইন আল মামুনের কনিষ্ঠ ভ্রাতা।
তিনি ১৯৫৩ সালের ১৫ মার্চ বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়ার হাসানপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে এমএ ডিগ্রী লাভ করেন। এই নেতা ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন। তিনি ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১৩ সালের জানুয়ারী মাস থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস সেক্রেটারী হিসেবে কর্মরত ছিলেন।
আজ ২১ জানুয়ারী বাদ জোহর ঢাকা মহানগরীর ধানমন্ডি ওলাকায় ঈদগাহ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এমকে





