সব বিভাগে ৩৭ তম বিসিএস পরীক্ষার কেন্দ্রে থাকলেও ময়মনসিংহ বিভাগে না থাকায় কেন্দ্রের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় মোড়স্থ ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে 'ময়মনসিংহ বিভাগবাসী'র ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজের সাবেক ভিপি এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, বিসিএস পরীক্ষার্থী শফি আহমেদ তামিম, নাজমুল আহসান, জিয়াউল হক, সুমন চন্দ্র ঘোষ, আনিছুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত ৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে কেন্দ্র হিসেবে ময়মনসিংহ বিভাগকে অর্ন্তভুক্ত না করায় চরম হতাশা ব্যক্ত করে ময়মনসিংহ বিভাগে বিসিএস পরীক্ষার কেন্দ্র দেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান পরীক্ষার্থীরা।

এসটি