ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। জেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ইশ্বরবায় এলাকায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মধ্যে জেলার মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আমিরুলের স্ত্রী শিরিনার (১৯) পরিচয় পাওয়া গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুপুর ১২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ইশ্বরবায় এলাকায় কালীগঞ্জগামী একটি যাত্রবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই এক নারী নিহত হন।

এ ছাড়া শিশু ও নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ, কোটাচাঁদপুর ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শিরিনা বেগম মারা যান। আহতদের মধ্যে আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এএইচ