স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,‘অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে তাঁকে (ডিসি ইব্রাহিম) সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই বিষয়ে অধিকতর তদন্ত চলছে। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে ঢাকা ওয়াসা ও ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ওয়ারী জোনের উপকমিশনারের সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাঁকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। তদন্ত শেষে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো যাবে।’
২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়ারী জোনের উপকমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়।
২০১৮ সালের সিভিল সার্ভিস আইন অনুযায়ী, সাময়িক বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তাকে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে মুক্তিযোদ্ধার জমি দখলে ভূমিদস্যুদের সহযোগিতার অভিযোগে পুলিশের ওয়ারী বিভাগের ডিসি ইব্রাহিম খান বরখাস্তের পর বংশাল থানার তৎকালীন ওসি শাহিদুর রহমানও বরখাস্ত হতে পারেন। শাহিদুর রহমান বর্তমানে কোতোয়ালি থানার ওসির দায়িত্বে রয়েছেন।
পুলিশের কয়েকটি সূত্র জানায়, ওসি শাহিদুর রহমানের বিরুদ্ধে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে তিনিও বরখাস্ত হতে পারেন।
এএস





