নড়াইলে পৃথক দু’টি অভিযানে ১৯ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- যশোর জেলার বসুন্দিয়া এলাকার আমজাদের ছেলে মো. আলমগীর (২৫) ও নড়াইল সদর উপজেলার সিঙ্গিয়া হাড়িঘড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে দিপু মোল্যা (৩৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ মে) গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে এএসআই আলমগীর, এএসআই রাজ্জাক, এএসআই জহির, কনস্টেবল মুরাদ, বায়জীদ, শরিফ, শিমুল, অলিয়ার, সাজ্জাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দু’টি অভিযান চালানো হয়।
এ সময় আটককৃত মাদক ব্যবসায়ী মো. আলমগীরের নিকট থেকে ৪ পিচ ইয়াবা ও দিপু মোল্যার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমটি।
এ প্রসঙ্গে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। সর্বশেষ তথ্যানুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ১৯ পিচ ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, মাদক দমনে আমরা সর্বদা তৎপর। নড়াইল গোয়েন্দা শাখার চৌকশ টিমের সকল সদস্য সর্বদা গোপন সংবাদ সংগ্রহ ও অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের আটক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
সেই সাথে তিনি নড়াইলবাসীকে মাদক ও মাদকব্যবসায়ীদের সান্নিধ্য থেকে দূরে থাকার আহ্বান জানান।
উজ্জ্বল/এমবি





