দেশের মোবাইল ফোন কোম্পানিগুলোর টাওয়ার থেকে নিঃসরণ করা ক্ষতিকর রেডিয়েশনের বিষয়ে সমীক্ষা করে চার মাসের মধ্যে প্রতিবেদন দাখিলে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর পাশাপাশি এ বিষয়ে ১১ দফা নির্দেশনাও দিয়েছেন আদালত।

রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খোন্দকার রেজা-ই-রাকিব। আইনজীবী মনজিল মোরসেদ বলেন, রায়ে আদালত ১১ দফা নির্দেশনা দিয়ে ওইসব বিষয়ে সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) করে চার মাসের মধ্যে আদালতে কমপ্লাইন্স রিপোর্ট দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

এর মধ্যে রয়েছে- মোবাইল ফোন টাওয়ারে বিকিরণ মাত্রা নির্ধারিত মাত্রার চেয়ে ১০ ভাগের একভাগে কমিয়ে আনতে হবে। তিনি বলেন, ২০১২ সালে একুশে টেলিভিশনের তৎকালীন প্ল্যানিং এডিটর ও বিশেষ প্রতিনিধি হারুন উর রশীদের করা ‘একুশের চোখ’ অনুষ্ঠানে মোবাইল ফোন টাওয়ারের রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। এরপর এ ধরনের প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করে।

এসএম