বঙ্গোপসাগরে সফলভাবে মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘সমুদ্র ঘূর্ণি-২০১৫’ (৩০নভেম্বর) সমাপ্ত হয়েছে।

‌'সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, প্রতিপাদ্যকে সামনে রেখে সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ সমুদ্র পথে চোরাচালানরোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ, সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ এবং সর্বোপরি যুদ্ধকালীন মহড়া ‘সমুদ্র ঘূর্ণি’ শেষ হয়েছে।

দীর্ঘ ১৫ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় প্রত্যক্ষভাবে নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইনসুইপার, পেট্রোলবোট, গানবোট, মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার ছাড়াও নৌবাহিনীর সকল ঘাঁটি ও স্থাপনাসমূহ অংশগ্রহণ করে।

এছাড়াও, বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় অংশগ্রহণ করে। মোট তিনটি ধাপে অনুষ্ঠিত এ মহড়ার উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে অন্তর্ভুক্ত ছিল নৌ বহরের বিভিন্ন কলাকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিষ্টিক অপারেশন, ল্যান্ডিং অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ-স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া, প্রভৃতি।

নৌবাহিনীর জাহাজসমূহ হতে সারফেস টু সারফেস মিসাইল, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ, রকেট ডেপথ চার্জ (আরডিসি), সারফেস ফায়ারিং, ডিএলকিউ, ফ্লিট রিভিউ মহড়া, সোয়াডস টিম কর্তৃক ভিজিট বোর্ড সার্চ এন্ড সিজার (ভিবিএসএস) মহড়া ও নৌ যুদ্ধের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।

মহড়া শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চট্টগ্রাম নৌ অঞ্চলের সকল কর্মকর্তা ও নাবিকদের সফল মহড়ার জন্য সকল নৌসদস্যকে অভিনন্দন এবং নৌসদস্যদের পেশাগতমান, দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন।

তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সামুদ্রিক সম্পদ রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী নৌবাহিনী গঠনে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের কথা উল্লেখ করে সে লক্ষ্যে বর্তমান সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। এছাড়া তিনি বঙ্গোপসাগরে বর্ধিত সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ, নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ ও পদস্থ নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএ