ঢাকা মহানগরের প্রত্যেকটি টার্মিনালে নিরাপত্তার জন্যে শ্রমিক মালিক সমিতির সাথে সমন্বয় করে নিরাপত্তা প্রদান করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

অসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে পুলিশের নিরাপত্তা প্রদানের ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গাবতলী, সায়েদাবাদ, মহাখালি এবং ফুলবাড়িয়া বাস টার্মিনালের পাশাপাশি কমলাপুর রেল স্টেশন এবং সদর ঘাট লঞ্চ টার্মিনালে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা থাকবে। ঈদ উপলক্ষে মলম পার্টির সদস্যরা ওঁত পেতে থাকে। আমরা এ পর্যন্ত প্রায় দুই শতাধিক মলম পার্টির সদস্যদের ধরেছি। ঈদে আমাদের বিশেষ নজরদারি থাকবে যাতে করে তারা কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।

আবাসিক এলাকার নিরাপত্তার ব্যাপারে কমিশনার বলেন, ঈদে ঢাকা শহর অনেকটা ফাঁকা হয়ে যায়। যার ফলে মলম পার্টির পাশাপাশি চোর-ছিনতাইকারীরা এই সুযোগটাকে কাজে লাগাতে চায়। তাই আমরা চোর ছিনতাইকারীদের নিয়ন্ত্রণের জন্যে সিকিউরিটি কোম্পানির বিভিন্ন সংস্থার সাথে আলোচনা করেছি। তাদের সাথে সমন্বয় করে আমরা নিরাপত্তা প্রদান করাবো।

তিনি বলেন, পুলিশের চোখে কারো চলাচল সন্দেহমূলক হলে এবং অপরাধী মনে হলে তাকে চেক করা হবে। আর ব্যক্তিগত সিকিউরিটি সদস্যরা সুষ্ঠু নিরাপত্তার জন্যে সবসময় পুলিশের সাথে যোগাযোগ রাখবে।

এছাড়া কঠোর নিরাপত্তার জন্যে রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপি অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমী, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃঞ্চ পদ রায় ও মীর রেজাউল আলম (অপারেশন্স) এবং উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম।

এমআর/কেএইচ