সিলেটে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নির্বাচনী সহিংসতার মামলায় রোববার দুপুর ১টার দিকে তাদের জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দেয়া হয়।
জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৪র্থ আদালতের বিচারক কুদরত- ই-খুদা আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
আসামিরা হলেন, মোজাফফর আলী, গুলজার মিয়া, সুলেমান, নুর উদ্দিন, জাহাঙ্গীর, মিলাদ, আনোয়ার হোসেন, জাকির হোসেন, ফয়জুর রহমান, শফিকুল ইসলাম, নুরুল আমিন ও এলাইছ মিয়া।
আদালত সূত্র জানায়, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটপ্রদানে ভোটারদের বাধা দেয় বিএনপি জামায়াত নেতাকর্মীরা। এ সময় পুলিশের উপর হামলা করে তারা।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে ১টি অ্যাসল্ট মামলা দায়ের করা হয়। গত ২৭ জুলাই ১৩ জনকে আসামি করে আদালতে এই মামলার চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) শফিউল কবির। রোববার এ মামলায় ১২ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেন।
শুনানি শেষে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের সবাই উপজেলা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





