সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে চালকলের বয়লার বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় একজন, দুপুর ২টায় একজন ও বিকেল সাড়ে ৪টায় অপরজন মারা যান।

ওই তিনজন হলেন শিয়ালকোল গ্রামের প্রয়াত আব্বাস আলীর ছেলে ছবের আলী (৫০), তাঁর স্ত্রী জাহানারা খাতুন (৪৫) ও প্রয়াত সাইদের স্ত্রী সাকেরা বেওয়া (৪৮)।

এর আগে ১১ জানুয়ারি, বুধবার সন্ধ্যায় শিয়ালকোল বাজার এলাকায় শামীম তালুকদারের চাতালে এ দুর্ঘটনা ঘটে।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান শেখ জানান, বুধবার সন্ধ্যায় চাতালে কাজ করছিলেন চার-পাঁচজন শ্রমিক। এ সময় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ওই তিন শ্রমিক দগ্ধ হন। আহত হন আরো দুই শ্রমিক।

দগ্ধদের প্রাথমিকভাবে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকরা রাতেই তাঁদের ঢামেকের বার্ন ইউনিটে স্থানান্তর করেন। সেখানে ছয়দিন চিকিৎসা নেওয়ার পর আজ তিনজনের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে কেউ অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

চাতাল মালিক শামীম তালুকদার জানান, নিহত তিন শ্রমিকের মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জে আনা হচ্ছে। তিনি সব ব্যবস্থা করেছেন।

এমই