করোনা সংক্রমণরোধে কঠোর বিধি নিষেধের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের ৪টি দেশ সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরের জন্য এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান আজ বাসস’কে জানান, প্রবাসী কর্মীদের সমস্যা নিরসনে বৃহস্পতিবার একটি বৈঠক রয়েছে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
করোনা পরিস্থিতির কারণে ২১ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। ফলে আটকা পড়েছেন অনেক বিদেশগামী। বিশেষ করে শ্রমিকেরা পড়েছেন বিপদে। এ অবস্থার মধ্যে সরকারের এক সভায় এ সিদ্ধান্ত হলো। সভাটি ভার্চ্যুয়ালি হয়েছে।
লকডাউনকালে বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়া বিষয়ে পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব; সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান, বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ পদস্থ কর্মকর্তারা।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো:
১। সৌদি আরব, ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য শিগগিরই স্পেশাল ফ্লাইট চালু করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্ল্যান কাল নিশ্চিত করবে।
২। বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির।
৩। প্রবাসী কর্মীরা কেবল জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন।





