কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলাগুলির ঘটনা ঘটেছে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিসহ ইউনিয়ন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের অফিস ও একটি কোচিং সেন্টার ভাংচুর করা হয়।
এঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরেই উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল উপজেলার ইসলামপুর গ্রামে।
এর জেরধরে সোমবার রাত ৮দিকে জাসদ সমর্থিত নেতাকর্মীরা আচমকা হামলা চালায় বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রুমেল মাষ্টারের কোচিং সেন্টারে।
এ সময় পাশ্ববর্তী আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃত পদদলিতসহ অফিস ভাঙচুর করে তারা।
এ সংবাদ ছড়িয়ে পড়লে আওয়ামীলীগ নেতাকর্মীরা সংঘবদ্ধ হয় পাল্টা আক্রমণ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় নাহিদ (২৫), সজীব (২৮), রুমেল (৩৪) সহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।
যুবলীগ নেতা রুমেল মাষ্টার জানিয়েছেন, জাসদে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা-মামলার ভয় দেখিয়ে আসছিল।
নেতাকর্মীরা তাদের কথা মত জাসদে যোগ না দেওয়ায় তারা পরিকল্পিত ভাবে এ হামলা চালায়।
এদিকে আওয়ামী লীগের সব অভিযোগ অস্বীকার করে জাসদ নেতা হাসান সরোয়ার জানিয়েছেন, তারা নিজেদের মধ্যে কোন্দলের দায়ভার আমাদের উপর চাপাচ্ছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদ উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা থানায় আওয়ামীলীগ ও জাসদ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
এসএইচ





