নির্বাচনকালীন সরকার কী ধরনের হবে এবং কেমন তা দাতা সংস্থাগুলোর দায়িত্ব বা বিষয় নয় বলে মন্তব্য করেছেন ইউএনডিপি’র ঢাকা অফিসের রেসিডেন্ট কো-অর্ডিনেটর রবার্ট ডি ওয়ার্টকিনস।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদের সাক্ষাতের পর প্রতিনিধি দলটির নেতা হিসেবে এ মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেছেন, ‘এটা একেবারেই সরকারের বিষয়। আমরা মনে করি, কমিশনের নির্দিষ্ট আইন আছে, এ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন।’ হেড অব ইউএনডিপির রেসিডেন্ট কো-অর্ডিনেটর রবার্ট ডি ওয়ার্টকিনসের নেতৃত্বে প্রায় ২০ জন প্রতিনিধি নির্বাচন কমিশনের সঙ্গে বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

ওই বৈঠকের পর মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও দাতা সংস্থার প্রতিনিধিদের পক্ষে ইউএনডিপির রবার্ট ডি ওয়ার্টকিনস বক্তব্য রাখেন।

সিইসি বলেন, ‘স্মার্টকার্ড বিতরণের ক্ষেত্রে চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ দেয়ার মেশিন কিনতে আর্থিক সহায়তা চাই। তবে এগুলো ছাড়াই স্মার্টকার্ড দেওয়া সম্ভব। তাই আমরা প্রকল্পটা আরো বাড়াতে চাই। যদিও নির্বাচনের সঙ্গে স্মার্টকার্ডের সম্পর্ক নেই। তবু আমরা সংসদ নির্বাচনের আগে সবার হাতে স্মার্টকার্ড তুলে দিতে চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচনকালীন সরকার কী হবে এ বিষয়ে তারা জানতে চেয়েছিলেন, আমরা বলেছি এ নিয়ে ইসির কিছু করার নেই। এটা সরকারের সিদ্ধান্ত।’

এমএনজে