নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় ১০ম শ্রেণির ছাত্র রিফাত হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন , বিক্ষোভ মিছিল ও স্থানীয় পুলিশ ফাঁড়ি ঘেরাও করেছে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লাহুড়িয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সামনের সড়কে মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে লাহুড়িয়া বাজার পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় রিফাতের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।
প্রসঙ্গত, লাহুড়িয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র রিফাতকে একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে গত ৬ সেপ্টেম্বর পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে মধুমতি নদীতে ফেলে দেয়। এ ঘটনায় রিফাতের মা হামিদা বেগম বাদি হয়ে একই এলাকার সোহাগসহ ৫জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার প্রধান আসামী সোহাগকে আটক করলেও অন্যান্য আসামীদের আটক করতে পারেনি।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





