কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে গুলিবিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের এক কর্মীসহ দু’জন গুলিবিদ্ধ হন।
তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে পিস্তলসহ আটক করেছে।
নগরীর বালুতুপা এলাকায় শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সাবেক ওয়ার্ড ছাত্রলীগ নেতা হানিফুল ইসলাম রনি ও ছাত্রলীগকর্মী রাসেলের মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপা নিলে একপর্যায়ে উভয়ের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এ সময় রাসেলের পেটে ও বাবুল নামে এক শ্রমিকের হাতে গুলি লাগে। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা রনিকে পিস্তলসহ আটক করে।
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) মো. সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





