বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গড় কলেজ মাঠে গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ বিপুলকে পর পর ৩টি গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

সুমন আহম্মেদ বিপুলের বাড়ি বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রবি (৩২) নামে একজনকে পিস্তলসহ আটক করেছে।

পুলিশ জানায়, সুমন আহম্মেদ বিপুল কলেজ মাঠে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে থেকে চা পান করার সময় মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ করে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক আশরাফ আলী।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-সার্বিক) খালেকুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে জড়িত থাকার অভিযোগে বিদেশি পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ