চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় সিমেন্টবাহী ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া গ্রামের মো. শহীদুলের ছেলে মো. জামাল (২৮) ও একই উপজেলার কুমারখালী গ্রামের মো. হাদিস মিয়ার ছেলে মো. আকতার(২৪)। আহতরা হলেন কবির, ইদ্রিস ও জামাল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সিমেন্ট বোঝাই কাপ্তাইমুখী দ্রুতগামী একটি ট্রাক নোয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকে থাকা পাঁচ শ্রমিকের মধ্যে দুই জন সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তিন শ্রমিক। ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে গেছে পুলিশ। ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ