নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। সোমবার দুপুরে শহরের দুই নং রেলগেটের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি বলেন, সংসদের নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ আমাদের সম্মান দেখিয়ে কোনো প্রার্থী দেয়নি। সে হিসেবে সিটি নির্বাচনে আমরাও কোনো প্রার্থী দেইনি। জাতীয় পার্টি এখানে আওয়ামী লীগের প্রার্থী আইভীকে সমর্থন দিয়েছে।

জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, আইনের বাধ্যবাধকতার কারণে এখানকার এমপি সেলিম ওসমান প্রকাশ্যে কিছু করতে পারছেন না। জাতীয় পার্টি ইতোমধ্যে এ নিয়ে কাজ করেছে। নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, আইভীর পক্ষে কাজ করতে। আমরা সবাইকে অনুরোধ করবো, আইভীকে জয়ী করতে। তিনি একজন কর্মঠ ও দক্ষ জনপ্রিয় নেত্রী।

ফয়সাল চিশতি বলেন, এ নির্বাচনে সরকারের কোনো পরিবর্তন ঘটবে না। তবে এলাকার শান্তি ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আইভীকে জয়ী করাতে হবে। তাছাড়া আমার সঙ্গে আইভীর কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, চারদিন আগে সেলিম ওসমানের সঙ্গে মোবাইলে কথা বলে দোয়া চেয়েছেন’।

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আব্দুস সবুর, হাজী সাইফুদ্দিন আহম্মেদ লিমন, নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এর আগে জাতীয় পার্টির নেতারা নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোট চান।

জারিফ