ঢাকার কেরানীগঞ্জে লকডাউনে ফাঁকা সড়কে ট্রাকের চাপায় সানজিদা আক্তার রিনি (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

গুরুতর আহত ওই ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সোমবার (০৬ এপ্রিল) রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বিকালে কেরানীগঞ্জের হাসনাবাদ ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা ফজলুল হক মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হাসনাবাদ ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা সানজিদাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সানজিদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ট্রাকচাপায় ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমবি