বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নিখোঁজ এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁর ছোট ভাইকে আটক করা হয়েছে।
আজ রোববার ভোরে উপজেলার চৌদ্দঘর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মিজানুর রহমানের (৩২) বাড়ি চৌদ্দঘর এলাকায়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গত শুক্রবার রাত থেকে মিজান নিখোঁজ ছিলেন। আজ ভোরে স্থানীয়রা মিজানের ব্যবহৃত জুতা ও ঘড়ি একটি বাগানে খুঁজে পান। পরে খোঁজাখুঁজি করতে গিয়ে বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্কের ভেতরে বস্তাবন্দি অবস্থায় মিজানের লাশ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের ছোট ভাই ইলিয়াস শিকদার হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাঁকে এ মুহূর্তে থানায় রাখা হয়েছে।
এলাকাবাসী জানান, নিহত মিজান একজন মাদকসেবী ছিলেন। প্রায়ই তিনি মাদক সেবন করে পরিবারের লোকজনকে মারধর করতেন। এতে ছোট ভাই ইলিয়াস অতিষ্ঠ হয়ে তাঁর বড় ভাইকে হত্যা করতে পারেন।
বাগেরহাট সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ওএফ





