সচেতন নাগরিক ফোরাম, গুলশান অঞ্চলের উদ্যোগে সিলেটের এমসি কলেজ সহ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদের ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৮ টায় গুলশান লিঙ্ক রোড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। গুলশান সচেতন নাগরিক ফোরামের আহবায়ক মিজানুর রহমান খানের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ফোরাম নেতা ওমর ফারুক চৌধুরী, যুবনেতা আল আমিন ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মান্নান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, মূলত সুশাসনের অভাবেই সারাদেশে নারী নির্যাতন সহ অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আর নারীর প্রতি সহিংসতাও বেড়েছে উদ্বেগজনকভাবে। ফলে দেশের নারী সমাজ তাদের ইজ্জত-সম্ভ্রম নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমতাবস্থায় নারীর সম্ভ্রম রক্ষায় ঐক্যববদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় নারীর মর্যাদা রক্ষা কোন ভাবেই সম্ভব হবে না।
পল্লবী-কাফরুল অঞ্চল
সারাদেশে অপরাধ প্রবণতা সহ খুন ও নারী নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে ও অবিলম্বে অপরাধীদের শাস্তি প্রদানের দাবিতে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষাভ মিছিলটি কাফরুল বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ফোরাম নেতা জি মোস্তফা, এ আলম, এ এম খান, এসব কাদের, এম হাসান ও টি আর তুহিন প্রমূখ।
সমাবেশে জি মোস্তফা বলেন, মূলত আইনের শাসনের অভাবেই সারাদেশেই নারী নির্যাতন সহ নারীর প্রতি সহিংসতা বেড়েছে। আর সিলেটের এমসি কলেজের ঘটনা জাতির বিবেককে স্তম্ভিত করে দিয়েছে। তাই এই বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় দেশে নারী নিগ্রহের ঘটনা বন্ধ হবে না। প্রেস বিজ্ঞপ্তি





