logo
Search

জাতীয়

চীনের ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন নিয়ে বাংলাদেশের আলোচনা

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এসব ট্রেন ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলতে পারে। তবে বাংলাদেশের জন্য এর চেয়ে কম গতির ট্রেন হলেও চলবে।

রোববার শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া কোনো সরকার পুনরায় ফিরে এসেছে—সারা পৃথিবীতে এমন নজির নেই। কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও নেতারা একসঙ্গে পালিয়ে গেছেন—এমন ঘটনাও নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে চিন্তা করছেন, এগুলো দুরাশা। বরং তাদের নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়া করা দরকার।’

দেশের বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ময়মনসিংহ ছাড়া দেশের সাতটি বিভাগে বিমানবন্দর রয়েছে। বর্তমানে দেশে আটটি বিমানবন্দর চালু রয়েছে, যার কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামনে দেশে আরও কয়েকটি এয়ারক্রাফট আসছে। আগামী ১০ বছরের মধ্যে দেশে নতুন একটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।

এস