ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদের  কারণেই তার লাশ শহীদ মিনারে নিবেন না বলে জানিয়েছেন পিয়াস কারিমের ভাই লোটাস করিম।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে তিনি তথ্য জানান।

লোটাস করিম বলেন,পিয়াস করিমের গুণগ্রাহীরা তার মরদেহে শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে নেওয়ার পরামর্শ দিয়েছিল। সেই কারণেই তার মরদেহ সেখানে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এ নিয়ে এত আলোচনা হবে সেটা আমরা আগে বুঝতে পারিনি। যেহেতু শ্রদ্ধা জানানোর জন্যই সেখানে নেওয়ার কথা ছিল।

তাই প্রয়াতের অমর্যাদা বা আলোচনা-সমালোচনায় যেন না হয় সে জন্যই আমরা পারিবারিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডিসিশন আমরা জানি না।তবে আমরা পারিবারিকভাবে তার মরদেহ শহীদ মিনারে নিতে চাই না’।

এছাড়া তার মরদেহ শুক্রবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গনে রাখার কথাও হয়েছিল।সেখানেও নেওয়া হবেনা।

স্কয়ার হাসপাতালের হিম ঘর থেকে তার মরদেহ সরাসরি বাসায় আনা হবে।যারা শ্রদ্ধা জানাতে চায়, তারা এখানে এসেই জানাবে।

জানাযার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বৃহস্পতিবার রাতের মধ্যে পরিবারের বিদেশে অবস্থারত সদস্যরা দেশে পৌঁছবেন।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমে একটিই জানাযা হবে।পরে নিয়ম অনুযায়ী বনানী কবস্থানে তাকে দাফন করা হবে।

এমআর/এসএইচ