চট্টগ্রামে সোমবার সন্ধ্যায় পৃথক অভিযানে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার তুলাতুলি ও শাহ আমানত ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. আব্দুস শুক্কুর (৪০), আমির হোসেন (২৮), সখিনা খাতুন (২৫) ও কানন দে (২৬)।
সিএমপির বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মহসিন জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তুলাতুলি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ মো. আব্দুস শুক্কুর, আমির হোসেন ও সখিনা খাতুনকে আটক করা হয়। তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে।
অপর অভিযানে সন্ধ্যা ৬টার সময় শাহ আমানত ব্রিজ এলাকা থেকে তল্লাশি চালিয়ে বাঁশখালীর কানন দে নামে এক মাদক ব্যবসায়ীকে ১৯৫ বোতল কোডেক্স ও ফেনসিডিলসহ আটক করা হয়। আটক মাদকের মধ্যে ১০৫ বোতল কোডেক্স ও ৯০ বোতল ফেনসিডিল রয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
কেএইচ





