গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বৃহস্পতিবার (১৫ আগস্ট) টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

সকাল ১১টায় মাজার কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

পুরো জেলায় নেওয়া হয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। সমাধিসৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, সংগ্রহ-শালা, মসজিদ, বকুলতলা চত্বর এলাকায় শোভাবর্ধন করা হয়েছে।

শোকের আবহ সৃষ্টি করতে ঢাকা থেকে আসার পথে গোপালগঞ্জের প্রবেশ দ্বার মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিস্থল পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তায় কালো কাপড় দিয়ে বানানো হয়েছে শত শত তোরণ। রাস্তার পাশে টানানো হয়েছে কালো পতাকা।

এ ছাড়া জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী ।

এরপর তিনি বনানী কবরস্থানে ১৫ আগস্টের হত্যাযজ্ঞে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা ও মোনাজাতে শরীক হন।

এএস