রাজধানীর মহাখালীতে সরকারী তিতুমীর কলেজের সামনে রাস্তায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এসময় ক্ষমতাসীন দলের এই সহযোগী সংগঠন দু'টির নেতাকর্মীরা অন্তত ৩০টি গড়ি ভাংচুর করে।
দলের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে সোমবার বেলা পৌনে ৩টা থেকে প্রায় আধা ঘণ্টাব্যাপী তারা এ তাণ্ডব চালায়।
ছাত্রলীগ ও যুবলীগের এই তাণ্ডবের সময় আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় প্রায় পৌনে এক ঘণ্টা যানজটে আটকা পড়ে মানুষ।
তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম ডলার অভিযোগ করেন, মহল্লার কয়েকজন প্রায়ই আমাদের ছাত্রদের মারধর করে।
আজ সকালে সানী নামে একজন শিক্ষার্থীকে মারধর করে রাব্বী নামের একজন। রাব্বী ঢাকা মহানগর শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সমর্থক।
ডলার বলেন, সানীকে মারধর করার সময় রাব্বীকে আমাদের কয়েকজন থাপ্পর মারে। পরে আমরা বিষয়টি মিউচ্যুয়াল করার চেষ্টা করেছি।
কিন্তু মহল্লার ওই ছেলেরা আমাদের ছেলেদের মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে জানান ছাত্রলীগেরে এই নেতা।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম টাইমনিউজ বিডিকে জানান, আজ (সোমবার) সকালে স্থানীয় যুবলীগ কর্মীরা তিতুমীর কলেজ ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে।
এ ঘটনার জের ধরে দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগ কর্মীরা কলেজের সামনে একত্রিত হয়ে রাস্তায় থাকা প্রায় ৩০টি গাড়ি ভাংচুর করে।
তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে পুলিশ আধা ঘণ্টা চেষ্টা চালায়। এক পর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
এআই/ এআর





