নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা বিল্লাল হত্যা মামলার আসামি তারা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ফতেপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়,উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেপুর এলাকার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত বিল্লাল হোসেনের ছেলে মাসুম মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি তারা মিয়াকে ফতেপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক জানান,বিল্লাল হোসেন হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২৭ জুন উপজেলার সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন তার নিজ গ্রাম ফতেপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। এ সময় পথে একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে হত্যা করে।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ