গাজীপুর থেকে অপহরণের পাঁচ দিন পর ফেনীর ছাগলনাইয়া থেকে মো. মাহিন হোসেনকে (৬) উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছাগলনাইয়া পৌর শহরের মটুয়া থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় নারীসহ তিন অপহরণকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আসমা বেগম, রফিকুল ইসলাম ও মো. সালউদ্দিন।
র্যাব সূত্র জানায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জামালপুর গ্রামের দিনমজুর রমিজ উদ্দিনের ছেলে মো. মাহিন হোসেনকে অপহরণ করা হয়।
এরপর অপহরণকারী আসমা বেগম ও তার স্বামী রুফকুল সরকার মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শিশুটির বাবার কাছে। ঘটনার পর দিন রোববার শিশু মাহিনের চাচা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে র্যাব-১ এ অভিযোগ করলে বৃহস্পতিবার র্যাব-৭ এর সহযোগিতায় ছাগলনাইয়ার মটুয়া এলাকার সোনা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাহিনকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক করা হয়েছে।
র্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে





