ওজনে কম দেওয়ায় সিলেট নগরীর লালবাজারের শফিক মিয়া নামে এক মাছ ব্যবসায়ীকে তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুন) সিলেট জেলা প্রশাসন পরিচালিত বাজার মনিটরিং কমিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

কমিটি জানায়, মিটার টেম্পারিং করে ক্রেতাদের ওজনে কম দিচ্ছিলেন মাছ ব্যবসায়ী শফিক মিয়া। বিষয়টি প্রমাণ হওয়ায় তাৎক্ষণিকভাবে তার ইলেক্ট্রিক পাল্লা জব্দ করা হয় এবং তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ আমিনুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সফি উল্লাহ ও রায়হান মেহবুব, সিলেট চেম্বারের পরিচালক নুরুল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও মাসুম উদ দৌলা উপস্থিত ছিলেন।

ওএফ