চট্রগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর সামনে গোলচত্বরে ইউনিক সার্ভিসের একটি বাসে আকস্মিকভাবে আগুন লেগেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা বাসটিতে অগ্নিকাণ্ড ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নুরু হত্যার প্রতিবাদে রোববার বৃহত্তর চট্টগ্রামে ছাত্রদল অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। আগের রাতে বাসে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হরতাল সমর্থকরা বাসটিতে আগুন দিয়েছে বলে তাৎক্ষণিকভাবে খবর ছড়িয়ে পড়ে। তবে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে বাসে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, আগুনে গাড়ির পেছনের দিকের বড় অংশ পুড়ে গেছে।
কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, পেছন দিক থেকে আগুন লেগেছে। যান্ত্রিক ত্রুটিও হতে পারে। আবার কেউ আগুন দিতেও পারে। তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
টাইমনিউজ.নেট/ মাহমুদ





