গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সেল গঠনের কথা জানানো হয়। সেলের আহ্বায়ক করা হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে। কেন্দ্রীয় সেলের অধীনে তিনটি সাব-কমিটিও গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু ও ধলেশ্বরীসহ বিভিন্ন নদ-নদী, খাল ও নালার দূষণ নিয়ন্ত্রণ এবং নদ-নদী পুনরুদ্ধারে কাজ করবে কেন্দ্রীয় সেল।

কেন্দ্রীয় সেলের উপদেষ্টা হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; নৌপরিবহন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সেলের সমন্বয়কের দায়িত্ব পালন করবে বাংলাদেশ নৌবাহিনী।

সেলের সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল পদমর্যাদার একজন প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, কোস্ট গার্ডের মহাপরিচালক, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজউক চেয়ারম্যান ও বিআইডব্লিউটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের রাখা হয়েছে।

এ ছাড়া ঢাকার বিভাগীয় কমিশনার, নৌ পুলিশের এআইজি, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তারাও সেলের সদস্য থাকবেন।

সেলের সদস্য তালিকায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসক, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি, বিজিএমইএ, বিকেএমইএ, ট্যানারি মালিক সমিতি ও ডকইয়ার্ড অ্যাসোসিয়েশনের সভাপতি এবং পরিবেশ অধিদপ্তর মনোনীত একটি এনজিওর প্রতিনিধিও রয়েছেন।

তিন সাব-কমিটির দায়িত্ব

প্রজ্ঞাপন অনুযায়ী, দূষণের উৎস নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনা, নদী পুনরুদ্ধার এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে তিনটি সাব-কমিটি কাজ করবে।

সাব-কমিটি ১ শিল্পবর্জ্যসহ সব ধরনের বর্জ্যের উৎসস্থল নিয়ন্ত্রণে কাজ করবে।

সাব-কমিটি ২ খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ, নদী পুনরুদ্ধার এবং পানির প্রবাহ সচল রাখার দায়িত্ব পালন করবে।

সাব-কমিটি ৩ নদীর তলদেশে জমে থাকা স্থায়ী বর্জ্য অপসারণের পাশাপাশি নদী রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সেল প্রতি মাসে তাদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন উপস্থাপন করবে। একই সঙ্গে বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে চলমান বিভিন্ন প্রকল্প পর্যালোচনা ও সমন্বয় করবে সেলটি।

এস