জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে ফরিদ উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সংস্থাটির সিনিয়র সদস্য পদে নিযুক্ত ছিলেন। তার নিয়োগের ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরিদ উদ্দিন আহমদের নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী। খুব শিগগির গুরুত্বপূর্ণ এ পদে একজন দক্ষ, সৎ ও যোগ্য লোককে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে একটি সর্ট লিস্টও করা হয়েছে। সেখান থেকে একজনকে নিয়োগ দেওয়া হবে বলে অর্থমন্ত্রী রাইজিংবিডিকে জানিয়েছেন।

এনবিআর চেয়ারম্যান পদে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় বর্তমান চেয়ারম্যান গোলাম হোসনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা শেষ হয়ে গেল। গত বৃহস্পতিবার তার চুক্তিভিত্তিক নিয়োগের এক বছর মেয়াদ শেষ হয়েছে।

এরপরই গুরুত্বপূর্ণ এ পদে কে নিয়োগ পাচ্ছেন, তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। কে হচ্ছেন এনবিআর-এর পরবর্তী চেয়ারম্যান! সিঙ্গাপুর থেকে দেশে ফিরে অর্থমন্ত্রী বলেছিলেন দু’একদিনের মধ্যেই এ পদে নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন বড় ছেলেকে দেখে দেশে ফেরার পর অর্থমন্ত্রী বলেন, এনবিআরের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ ৮ জানুয়ারি ২০১৫ তারিখে শেষ হয়েছে। পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি অর্থবছরের এখনো ছয়মাস বাকি। এ মূহুর্তে নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে কিছু বিষয় বিবেচনা করতে হবে।

তিনি বলেন, চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার বিষয়ে বেশ কয়েকজনের একটি তালিকা হয়েছে। তাদের মধ্য থেকে কাউকে নিয়োগ দেওয়া হবে। আশা করছি-দু’একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেআই