নওগাঁ থেকে দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস চলাচল স্বভাবিক করতে বুধবার নওগাঁ ও বগুড়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসছে পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে বৈঠক আহ্বান করে ওই দুই জেলার পরিবহন মালিক-শ্রমিকদের জানানো হয়েছে।
নওগাঁ জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নওগাঁ থেকে বগুড়া হয়ে সকল যাত্রীবাহী বাস চলাচল স্বভাবিক করার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন নওগাঁর পরিবহন ব্যবসায়ীরা। অন্যথায় শুক্রবার থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন তারা।
ওমর ফারুক বলেন, ‘নওগাঁ থেকে বগুড়া হয়ে দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল স্বভাবিক করতে মঙ্গলবার বিকেলে পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে আমাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘চিঠিতে বুধবার বেলা ১১টার দিকে ঢাকায় পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সেখানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ নওগাঁ ও বগুড়া জেলার মোটর মালিক শ্রমিক নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে বলা হয়েছে।’
এএইচ





