রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সড়ক দুর্ঘটনায় দু'জনের ও বিষক্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- শাহানুর ইসলাম শিমুল (৩০) ও নিলুফা বেগম (৪০)। আর বিষক্রিয়ায় মারা গেছে ফালানি বেগম (৩০)।

জানা গেছে, রাত ১২টার দিকে শিমুল তার স্ত্রী শারমিন আক্তারকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড্ডা থেকে মিরপুরের বাসায় ফিরছিলেন।

পল্লবী কালশী রোডে এসে পৌঁছলে ট্রাক চাপা দেয় তাদের। সেখান থেকে পথচারিরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মুত্যু হয়। তার স্ত্রী শারমিন আক্তার আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শাহানুরের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানায়। তার বাবার নাম আবুল কাশেম। তিনি পলমল গ্রুপের প্রশাসনিক বিভাগে চাকরি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক শাহানুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এদিকে কল্যাণপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিলুফা বেগম। তিনি তার ছোট ভাই লিয়াকত আলীর সঙ্গে মোটর সাইকেলযোগে মিরপুর দারুস সালামে অবস্থিত তাদের বাসায় ফিরছিলেন।

কল্যাণপুর শহীদ মিনার রোডে পৌঁছলে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নিলুফা নিহত হন। তার ভাই লিয়াকত মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নিলুফার স্বামীর নাম আবদুল মজিদ।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সর্দার নিজামুল হকজানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্য এক ঘটনায় স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করেছেন ফালানী বেগম নামে এক ভিক্ষুক। তিনি মিরপুর কল্যাণপুর ৮ নং পোড়াবস্তিতে থাকতেন।

জানা গেছে, তার ভবঘুরে স্বামী শাহজাহান মিয়ার সঙ্গে ঝগড়ার জের ধরে ফালানী বেগম রাত ১০টার দিকে বিষপান করে। সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

এআর