হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার নয়াপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, গভীর রাতে সায়হাম কটন মিলের ১নং তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো: রফি জানান, রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান জানান, গুদামে প্রায় ১৫ হাজার বেল তুলা ছিল। অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৭০ থেকে ৭৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এমবি





