বাংলাদেশ ও তুরস্ক ব্যবসা, বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, সন্ত্রাস দমন ও বিমান যোগাযোগে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। দুই দেশই দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ-তুরষ্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে।
গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আর তুরস্কের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি উমিত ইয়ালসিন।
বাংলাদেশ প্রতিনিধি দলে আরো ছিলেন বাণিজ্য, শিক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তরা।
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য তুরষ্কের সহযোগিতা ও পর্যটন খাত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। দুই দেশ বিদ্যমান সহযোগিতা চুক্তিগুলো পর্যালোচনা এবং আলোচনায় থাকা চুক্তিগুলো দ্রুততার সাথে সই করার ওপর গুরুত্বারোপ করে।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দেশ উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
দুই পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে। আগামী ১৯ ও ২০ অক্টোবর ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলন এবং ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠেয় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়ে এতে আলোচনা হয়।
এমএ





