শেরপুরে এক গামের্ন্টস কর্মীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আবু শামা কবীরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার বিকেলে ওই চেয়ারম্যানকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
পুলিশ জানায়, গত বছরের ১৩ আগস্ট ঝিনাইগাতী উপজেলার বিষ্ণুপুর গ্রামের দরিদ্র কৃষক বাচ্চু মিয়ার ছেলে গামের্ন্টস কর্মী আলমকে পাতিল চুরির অভিযোগে গ্রাম্য শালিশ বৈঠকে চোর সাব্যস্ত করে শারীরিকভাবে নির্যাতন করে ইউপি চেয়ারম্যান আবুশামাসহ অন্যরা। পরদিন শেরপুর-ঢাকা মহাসড়কের ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আলমের পিতা বাচ্চু মিয়া বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বেত্রাঘাতের ঘটনায় আলমের মৃত্যু হলে ঘটনাটিকে ধামাচাপা দিতে নিহতের লাশ রাস্তায় ফেলে সড়ক দুর্ঘটনায় মৃত বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়।
মামলায় রাণিশিমুল ইউপি চেয়ারম্যান আবু শামা কবীরসহ অজ্ঞাতনামা আরো ৭-৮ জনকে আসামি করা হয়। পরে শনিবার রাতে ভায়াডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ জানান, হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ইউপি চেয়ারম্যান আবু শামা কবীরকে গ্রেফতার করা হয়েছে।
এআই





