পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘সহিংস ও ধ্বংসাত্মক রাজনীতির কারণে আমরা দেশকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নেওয়ার অকল্পনীয় সুযোগ গ্রহণ করতে পারছি না।’

তিনি বলেন, ‘রাজনীতির নামে পেট্রোল বোমা মারা, গাড়ি ভাঙচুর, মানুষ পুড়িয়ে মারা, সহিংসতা আমাদের উন্নয়নকে পিছিয়ে দিচ্ছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে এ জাতীয় রাজনীতি নামক সহিংসতা থেকে সকলকে বেরিয়ে আসতে হবে।’

পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃহস্পতিবার তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘বর্তমান যুগ কম্পিউটারের যুগ। তবে এ কম্পিউটারকে ব্যবহার করতে হলে, চালাতে হলে নতুন প্রজন্মকে মেধাবী হতে হবে। কেননা মানুষই তার মেধা দিয়ে কম্পিউটার চালায়, কম্পিউটার মানুষকে চালায় না। মানুষের মেধার চেয়ে কম্পিউটারের মেধা বেশি নয়। তাই আমাদের দেশের নতুন প্রজন্মকে মেধাবী করে তুলতে হবে।’

পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন, সিভিল সার্জন ডা. মুহাম্মদ ফখরুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমান।
জেআই