রোহিঙ্গা সমস্যা সমাধানে এবার বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে সৌদি আরব ও কানাডা।
বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল-মুতাইরি এবং সফররত কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেরি ক্লাউড।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের জানান, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য পীড়াদায়ক। এ সংকট সমাধানে আমরা বাংলাদেশের পাশে থাকব।’
প্রেস সচিব বলেন, ‘সৌদি রাষ্ট্রদূত দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠির বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।’
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের প্রতি বাংলাদেশের মানবিকতার উচ্ছ্বসিত প্রশংসা করে সৌদি রাষ্ট্রদূত জানান, তাঁরা বাংলাদেশকে এ ব্যাপারে সমর্থন দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে তাঁর দেশ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর কানাডার মন্ত্রীর উদ্বৃতি দিয়ে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বৈঠকে কানাডার মন্ত্রী বিষয়টি নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলাপ-আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেখানে রয়েছেন। আলাপ-আলোচনা চলছে।’
মেরি ক্লাউড বলেন, ‘আমি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছি।’ এ সময় কানাডিয়ান মন্ত্রী তার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতার কথা জানান প্রধানমন্ত্রীকে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে শিশু ও নারীরাই সবচেয়ে দুর্দশাগ্রস্ত বলে উল্লেখ করেন কানাডার মন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রশংসা করেন।
জেড





