সিলেটের লাক্কাতুড়া চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরির ছয় লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা গাড়ির গ্লাস ভেঙ্গে ভেতরে থাকা চা শ্রমিকদের মজুরির টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
সিলেটের আম্বরখানা-বিমানবন্দর সড়কের মজুমদারি জামে মসজিদের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসময় বাগানের কর্মচারী দিপক পুরকায়স্থ আহত হয়েছেন বলেও জানা গেছে।
ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে চা শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখেন। অবরোধের ফলে দুর্ভোগে পড়েন সিলেট-সালুটিকর ও সিলেট-ভোলাগঞ্জ সড়কে যাতায়াতকারীরা।
খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান বলেন, ছিনতাই ঘটনার একটি অভিযোগ এসেছে। শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দেয়ার জন্য পূবালী ব্যাংক স্টেডিয়াম শাখা থেকে ছয় লাখ টাকা তুলে ফিরছিলেন বাগান ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান ও কর্মচারী দিপক পুরকায়স্থ তাপস। মজুমদারি জামে মসজিদের সামনে আসার পর আটটি মোটরসাইকেলে ১৬ দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। পরে জিপের গ্লাস ভেঙ্গে ভেতরে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
জেআই





