নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আবারও শঙ্কা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিনের সঙ্গে দেখা করেছেন গণফোরাম সভাপতি ড. কামালের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকালে সিইসি’র সঙ্গে বৈঠক শেষে তারা গত কিছুদিন যাবৎ নির্বাচন নিয়ে জাতীয় পার্টি প্রার্থী সেলিম ওসমানের পক্ষের কিছু অনিয়ম তুলে ধরেন।

বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে ড. কামাল সংবাদিকদের জানান, বিশেষ এক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ১০ থেকে ১২টি অভিযোগ জমা পড়ে। কমিশন তার মধ্যে দু’তিনটি বিষয়ে পদক্ষেপ নিলেও বাকিগুলোতে নেয়নি। আমরা এ কারণে আরো তিনদিন আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার জন্য আবেদন জানিয়েছিলাম। কিন্তু তিনি দেশে না থাকায় বৃহস্পতিবার আমাদের সময় দেওয়া হয়।

এসময় প্রধান নির্বাচন কমিশনারকে তার সাংবিধানিক দায়িত্ব পালনে অনুরোধ জানানো হয়েছে বলেও ‍জানান ড. কামাল।

প্রতিনিধি দলে আরও ছিলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সভাপতি খালিকুজ্জামানসহ অন্যরা।

ঢাকা, ২৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস