বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছে। আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে নয়টার দিকে ভয়াবহ এই আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনের ১৩ তলায় বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট রয়েছে। এই বিভাগের মহা ব্যবস্থাপকের কক্ষ থেকেেই আগুনের সূত্রপাত হয়।
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক শফিউল ইসলাম জানান, ভবনের দক্ষিণ-পূর্ব পাশে আগুন লেগেছে। রাত সোয়া ৯টার দিকে আগুনের খবর পেয়ে তিনি ১৩ তলায় যান। সেখানে প্রচুর ধোঁয়া দেখে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করেন।
বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) আবুল কালাম আজাদ জানান, ৩০ তলা ভবনের ১২ তলার দিকে আগুন লেগেছে। দূর থেকে দেখা যাচ্ছে আগুন জ্বলছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ ব্যাংক ভবনের পেছনের দিকে আগুনের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ভবনের ১৩ তলায় রাত সাড়ে নয়টার দিকে আগুন লাগে। ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
এদিকে, তিনদিনের সরকারি ছুটির শুরুর প্রথম দিনে অফিস শেষে সবাই চলে যাওয়ার পর রাত সাড়ে নয়টার দিকে যখন ব্যাংকের নিরাপত্তায় থাকা সামান্য কিছু লোক ছাড়া যখন ব্যাংক একেবারেই ফাঁকা তখনই এ ঘটনায় অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে।
এর আগে, পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো কোন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফান্ড চুরির ঘটনা নিয়ে এমনিতেই বাংলাদেশ ব্যাংক যখন চাপের মুখে তখন এই ঘটনা ব্যাংকটির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে মনে করেন অনেকেই।
এছাড়া, একই ধরনের সরকারি ছুটি চলাকালে রিজার্ভ চুরির ঘটনা ঘটেছিল। ঠিক সেরকমই ছুটিকে সামনে রেখে আগুনের ঘটনা ঘটলো সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে।
সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ব্যাংক পরিদর্শনে গেছেন এবং গভর্ণরের সাথে বৈঠক করেছেন। তবে, রাতে ১১টার দিকে এই প্রতিবেদন আপডেট করার সময়ও অর্থমন্ত্রী কোন আনুষ্ঠানিক ব্রিফিং করেননি।
এমই/জারিফ/কেবি





