বাংলাদেশে তেল শোধনাগার স্থাপন করবে কুয়েত। তেল শোধনাগার স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল-দাফায়রি এই তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ-কুয়েত দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে খুব শিগগির ঢাকাতে জয়েন্ট কমিশনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৩ সালের ১৮ জুন কুয়েত সিটিতে অনুষ্ঠিত দুই দেশের মধ্যে জয়েন্ট কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল-দাফায়রির সঙ্গে সাক্ষাতে জয়েন্ট কমিশনের প্রথম বৈঠকের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন আবুল হাসান মাহমুদ আলী।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র গণমাধ্যমকে জানান, ‘বর্তমানে কুয়েতে প্রায় দুই লাখ বাংলাদেশীর কর্মসংস্থান হওয়ায় এবং গতবছরের জানুয়ারি হতে পুনরায় সেখানে বাংলাদেশী শ্রমিকদের নিয়োগ শুরু হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা বিষয়ক সর্ম্পককে অত্যন্ত চমৎকার হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও কুয়েতি রাষ্ট্রদূত আলী আহমাদ উভয়েই বাংলাদেশে কুয়েতি দূতাবাসের ডিফেন্স এ্যাটাশের দফতর পুনরায় খোলার মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে মন্তব্য করেন।

রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল-দাফায়রি জানান, কুয়েত সরকার বাংলাদেশের সঙ্গে সর্ম্পক সম্প্রসারণে সবসময়েই আগ্রহী। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে কুয়েত সফরের আমন্ত্রণ জানালে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দেন।

জেআই