সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীন (স্বাধীন মেম্বার) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন' (পিবিআই) সিলেট।

আজ (২০ মার্চ) শনিবার ভোররাত ৩টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মো: খালেদ উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোয়াগাঁও গ্রামে হামলায় মূল আসামি শহীদুল ইসলাম স্বাধীনকে পিবিআই কুলাউড়া থেকে গ্রেফতার করেছে, তাকে সিলেটে নিয়ে আসা হচ্ছে।

গত ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর থেকেই হামলাকারী হিসেবে ওঠে আসে স্বাধীন মেম্বারের নাম। হামলার পরদিন স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়েরকৃত মামলায়ও স্বাধীন মেম্বারকে আসামি করা হয়।

শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লার পার্শ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।

এই ঘটনায় দুটি মামলা দায়েরের পর এখন পর্যন্ত যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকেসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এমবি