প্রতিবন্ধীরা সব সময় সমাজে বেশি অবহেলিত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ে সায়মা ওয়াজেদ বলেছেন, তাই আমি অটিজম নিয়ে কাজ করছি। ডিজ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্স অ্যাসোসিয়েশনের (ডিআরআরএ) উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

রোববার দুপুরে কারওয়ানবাজারে একটি ইংরেজি দৈনিকের মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রোমোটিং ইনক্লুসিভ হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সার্ভিসেস (পিআইএইচ আরএস) ফর পিপল উইথ ডিজ্যাবিলিটিজ শীর্ষক প্রকল্পোর চলমান গবেষণাপত্র উত্থাপন করা হয়।

সেমিনারে অটিজম ও নিউরোলজির জাতীয় উপদেষ্টা কমিটির প্রধান সায়মা ওয়াজেদ বলেন, স্বাস্থ্য ও প্রতিবন্ধকতা আলাদা কোনো বিষয় নয়। আজ আমরা ভালো আছি। যে কোনো সময় যে কেউ প্রতিবন্ধী হতে পারে।

তিনি বলেন, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে বাধা কোথায়? কী কী সমস্যা রয়েছে সব তথ্য নিয়ে পরিকল্পনা করা হবে। প্রতিবন্ধীদের নিয়ে যেসব মন্ত্রণালয় কাজ করছে প্রত্যেকটি মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ ও সমন্বয় থাকা প্রয়োজন। প্রতিবন্ধীদের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। কেননা কাউকে বাদ দিয়ে সমাজের উন্নতি হবে না।

সেমিনারে বিভিন্ন জেলা থেকে আসা প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা চিকিৎসাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। দেশের প্রতিটি উপজেলায় প্রতিবন্ধীদের চিকিৎসার ব্যবস্থা রাখা, প্রতিবন্ধীদের শিক্ষার জন্য জেলায় জেলায় স্কুলের ব্যবস্থা করারও দাবি জানান তারা।

সেমিনারে নাঈমুর রহমান দুর্জয় বলেন, শুধু সরকার নয়, বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তিকে প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিটি জেলা প্রতিবন্ধীদের জন্য স্কুল করা হবে। বর্তমানে ঢাকায় ৪টি এবং অন্য ৬ বিভাগে ৬টি স্কুল আছে।

সেমিনারে অন্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায়য়ের সচিব নাসিমা বেগম, সংসদ সদস্য মোস্তাক আহমেদ রবি, কবি কাজী রোজী, যুগ্ম সচিব হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

এআর