রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সমপ্রীতি, ঐক্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন।

রবিবার সকালে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের আরও সুদৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে প্রয়োগ করার জন্য আমি দেশের বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানাই।

সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আবদুল হামিদ বলেন, মানব প্রেমের প্রতীক শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ ছিল সমাজ থেকে হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালবাসা ও সমপ্রীতির বন্ধন গড়ে তোলা। তিনি ছিলেন একাধারে পরোপকারী ও মানবপ্রেমিক।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং তার স্ত্রী রাশিদা খানম হিন্দু সমপ্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মমন্ত্রী মো. মতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ অমেয়ানন্দ মহারাজসহ হিন্দু ধর্মীয় নেতারা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ এবং নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, শিল্পী রথীন্দ্র নাথ রায়, সুবীর নন্দী, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।


ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ